
দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা আর কৃষি সংকটের বেড়াজাল ভেঙে অবশেষে খনন শুরু হলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের বহুল আলোচিত বোয়ালমারী খাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় এক আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মিস আফরোজা আখতার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্পষ্ট ভাষায় জানান, “খাল দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা আর সহ্য করা হবে না। এই খনন প্রকল্প শুধু কৃষি উৎপাদন বাড়াবে না, বরং বছরের পর বছর ধরে ভোগা জলাবদ্ধতার অভিশাপ থেকেও মানুষকে মুক্তি দেবে।”
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ আরও অনেকে।
এছাড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা। তাদের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মাঝে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে এবার হয়তো বাস্তবেই উন্নয়নের চাকা ঘুরবে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খালটি দখল ও সংস্কারের অভাবে মৃতপ্রায় হয়ে পড়েছিল। ফলে বর্ষা এলেই পানিবন্দি জীবন, ফসলের ক্ষতি আর দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। অবশেষে প্রশাসনের এই উদ্যোগকে তারা স্বাগত জানালেও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এখন দেখার বিষয় এই খনন কার্যক্রম কতটা দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়, আর কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে দেবহাটার মানুষের

