
পাম্প বন্ধ রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ গণপরিবহন ব্যাহত, দুর্ভোগে সাধারণ মানুষ
দিনাজপুরে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়ায় জেলায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাম্প বন্ধের আড়ালে কৃত্রিম সংকট সৃষ্টি করে খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাম্প বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে জ্বালানি সংগ্রহ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা। অনেক স্থানে গণপরিবহন চলাচল কমে গেছে, কোথাও কোথাও বন্ধও রয়েছে।
এদিকে পাম্প বন্ধ থাকার সুযোগে খোলাবাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতি লিটার তেল ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।
ভুক্তভোগীরা জানান, প্রয়োজনের তাগিদে বেশি দাম দিয়েও তেল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। তবে সব জায়গায় তেল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাম্প বন্ধের সুনির্দিষ্ট কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা।
দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

