ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত

বার্তা বিভাগ
এপ্রিল ৮, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

বুধবার (৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন অধিকার এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, সাংবাদিক শাহাজালাল মিঠুন, সাংবাদিক ফিরোজ হোসেন, বৈসমদ্রে ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাতক্ষীরা জেলা শাখার রাফাত হোসাইন সহ প্রমুখ।

 

বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্র ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করা মানে বিচারহীনতার সংস্কৃতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

বক্তারা আরও অভিযোগ করেন, জনগণের মৌলিক অধিকার রক্ষায় যেখানে কার্যকর আইন প্রণয়ন জরুরি, সেখানে সরকার উল্টো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন ও পাস করার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।