
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ব্যস্ততম ব্রহ্মরাজপুর বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ইদ্রিস আলীর হোটেল নামে পরিচিত বর্তমান মাসুম টি স্টোরের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনের ওপর দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে দ্বিতীয় তলা। আগুনে রুমের উপরের চাল, স্টোর রুমে রাখা শুকনা কাঠ, বৈদ্যুতিক তার, বোর্ডসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ভবনে পানির সুব্যবস্থা থাকায় এবং স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের অনিয়মিত লোডশেডিং ও নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার বন্ধ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকেই যাবে।
