ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরার নির্বাচনের মাঠে সেনাবাহিনীর দৃশ্যমান শক্তি

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় ভোটের পরিবেশ ঘিরে যে ভয়, সংশয় ও অস্থিরতা তৈরি হয়েছিল, তা ভাঙতে সক্রিয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার চারটি সংসদীয় আসনে সেনা সদস্যদের টহল এখন কেবল নিরাপত্তা নয়, ভোটারদের জন্য সাহসের বার্তা হয়ে উঠেছে। হাট-বাজার, ব্যবসা এলাকা ও জনবহুল স্থানে নিয়মিত টহল দিয়ে সেনা সদস্যরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, নিচ্ছেন খোঁজ—কেউ হুমকি পাচ্ছে কি না, ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা আছে কি না। ফলে আতঙ্কগ্রস্ত ভোটারদের মনে নতুন করে আস্থা জন্ম নিচ্ছে।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পসহ জেলার বিভিন্ন উপজেলার ক্যাম্প থেকে গঠিত টহল দল প্রতিদিন গুরুত্বপূর্ণ এলাকায় উপস্থিতি বাড়িয়েছে। বাজার, মোড়, পরিবহন স্ট্যান্ড ও গ্রামাঞ্চলে সেনা সদস্যদের চলাচলে বদলে যাচ্ছে পরিবেশ। মানুষ এখন সেনা টহল দেখেই আশ্বস্ত বোধ করছে।

সদর উপজেলার ধুলিয়ার বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘আগে মনে ভয় ছিল—ভোটকেন্দ্রে যেতে পারব কি না, ভোট দিতে পারব কি না। নানা কথা শুনে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এখন সেনাবাহিনী এলাকায় এসে কথা বলছে, নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। এতে মানুষের ভয় কেটে গেছে।’

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ বলেন, ‘আমাদের টহল দল ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে চাচ্ছে কেউ হুমকি পাচ্ছে কি না। কেউ কোনো সমস্যায় পড়লে নিকটস্থ ক্যাম্পে জানাতে অনুরোধ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ভোটের আগে সেনা সদস্যদের উপস্থিতি মানুষের মনে সাহস যোগাচ্ছে। শান্তিপূর্ণ ও নির্ভীক পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর কড়া নজরদারি ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে সাতক্ষীরায় ধীরে ধীরে বদলে যাচ্ছে ভোটের চিত্র। আতঙ্কের জায়গা দখল করছে আস্থা, অনিশ্চয়তার জায়গায় তৈরি হচ্ছে অংশগ্রহণের মনোভাব। সব মিলিয়ে সাতক্ষীরায় ভোটের মাঠে এখন দৃশ্যমান হচ্ছে নতুন প্রত্যাশার বার্তা।