ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোট বিপ্লবে এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ: আব্দুর রউফ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গ্রাম থেকে গ্রাম, হাট থেকে বাজার সবখানেই এখন একটাই স্লোগান, ধানের শীষে ভোট, জনগণের অধিকার। এরই ধারাবাহিকতায় কাথন্ডা বাজারে অনুষ্ঠিত হলো জনসমুদ্রে পরিণত এক বিশাল নির্বাচনী জনসভা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
আগুনঝরা বক্তব্যে আব্দুর রউফ বলেন,
“যেদিন খইতলার বাঁধ ভেঙেছিল, সেদিন কোনো তথাকথিত নেতা পাশে দাঁড়ায়নি। সেদিন আমি হাজার হাজার মানুষ নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“বিএনপি জনগণের দল। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব। ধানের শীষের গণজোয়ারে ভোট বিপ্লব ঘটিয়ে সাতক্ষীরা-২ আসনে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।”
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন,
“দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।”
নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
“সাতক্ষীরা-২ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং বেকারত্ব দূর করতে সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে।”
বক্তব্যের একপর্যায়ে তিনি প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন,
“একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখায়, অথচ দেশের কল্যাণ চায় না। এরা মুখে এক কাজে আরেক। জনগণ এবার তাদের ফাঁদে পা দেবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, রফিকুল আলম বাবু, ইউসুফ আলী, শফিকুল আলম বাবু, আহছানুল কাদির স্বপন, মাহমুদুল আলম শাহিন, রবিউল ইসলাম রবি, আবু রায়হান, সাইদুর রহমান শাহিন, মনজুরুল আলম বাপ্পি, রমিজ উদ্দিন রুমি, আবুল বাশার, কামরুল ইসলাম, ডা. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৈকারী, কুশখালী ও বাঁশদহা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভাটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে কাথন্ডা বাজার পরিণত হয় ধানের শীষের শক্ত ঘাঁটিতে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার।