ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের উত্তাপে কাঁপছে সীমান্ত জেলা সাতক্ষীরা

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

৬০৯ কেন্দ্রে ১৮ লাখ ভোটার, চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সীমান্ত জেলা সাতক্ষীরার চারটি আসনেই এখন সাজ সাজ রব নয় রীতিমতো ভোটের ঝড় বইছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় মুখর হয়ে উঠেছে জনপদ থেকে জনপথ। ভোট গ্রহণ ও সংবাদ সংগ্রহ নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সাতক্ষীরার চারটি আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র ও ৩ হাজার ৩৭২টি ভোটকক্ষে একটানা ভোট গ্রহণ চলবে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে কেন্দ্রগুলো ঘিরে গড়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয়। ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ঘিরে কোনো ধরনের অস্থিরতা বরদাস্ত করা হবে না।

এদিকে নির্বাচনী মাঠে শুধু প্রার্থী নয়, সাংবাদিকদেরও যুদ্ধ প্রস্তুতি। জেলায় কর্মরত প্রায় ১২০০ সাংবাদিকের মধ্যে ৭৯১ জন নির্বাচন কমিশনের কার্ড সংগ্রহ করেছেন। ভোটের দিন প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি মিনিটে মিনিটে তুলে ধরতে তারা মাঠে থাকবেন। বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করতে প্রশাসন দিয়েছে আলাদা দিকনির্দেশনা।

সাতক্ষীরার চার আসনে এবার মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, নারী ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। সবচেয়ে বড় চমক নতুন ভোটার ৬৭ হাজার ২৩৩ জন, যারা এবারই প্রথম ব্যালটের শক্তি দেখাবেন।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে সাতক্ষীরার প্রতিটি আসনে তৈরি হয়েছে দ্বিমুখী ও ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠ দখলের প্রতিযোগিতায় নেমেছেন। জলাবদ্ধতা নিরসন ও টেকসই বেড়িবাঁধ এখন ভোটারদের প্রধান দাবি হয়ে উঠেছে।

১২ ফেব্রুয়ারির সকাল শুরু হতেই সাতক্ষীরায় নামবে ভোটের মহাযুদ্ধ। ব্যালটের রায়ে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর কারা শাসন করবেন সীমান্ত জেলার ভাগ্য।