
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। প্রতিটি গ্রামে পাকা রাস্তা ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কিছু দল ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।
আব্দুর রউফ আরও বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে সম্পৃক্ত। এজন্য ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, কামরুল ইসলাম ফারুক ও শেখ তারিকুল হাসান।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও আশপাশের এলাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি ও হাবিবুর রহমান হাবিব।
