ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের গণজোয়ার ঠেকাতে মরিয়া জামায়াত, আলহাজ্ব আব্দুর রউফ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে জনসমর্থনের গণজোয়ার এখন আতঙ্কে ফেলেছে রাজনৈতিক প্রতিপক্ষদের। সেই জোয়ার ঠেকাতে স্বাধীনতাবিরোধী গুপ্ত সংগঠন জামায়াত ভোটে কারচুপি ও ষড়যন্ত্রের পাঁয়তারা শুরু করেছে বলে তীব্র অভিযোগ তুলেছেন বিএনপি নেতা আব্দুর রউফ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ধানের শীষের গণজোয়ার দেখে জামায়াত দিশেহারা হয়ে পড়েছে। জনগণ তাদের মুখ ফিরিয়ে নেওয়ায় তারা এখন গোপন ষড়যন্ত্র, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ভোট ডাকাতির চেষ্টা করছে। কিন্তু সাতক্ষীরার মানুষ আর প্রতারণার ফাঁদে পা দেবে না।”
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো ভোট ডাকাতি জনগণ মেনে নেবে না।”
উন্নয়নের রূপরেখা তুলে ধরে আব্দুর রউফ বলেন, “সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন, জলাবদ্ধতা নিরসন, বন্ধ টেক্সটাইল চালু, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে জনপদের চেহারা বদলে দেওয়া হবে। অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র হাতিয়ার ধানের শীষ।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল আলীম, কামরুল ইসলাম ফারুক, আবু জাহিদ ডাবলু, আবুল হাসান হাদী, রফিকুল আলম বাবু, এডভোকেট তোজাম্মেল হোসেন, ডা. শহিদুর রহমান, এডভোকেট নুরুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
হাজার হাজার মানুষের অংশগ্রহণে লাবসা ইউনিয়ন মাঠ জনসমুদ্রে রূপ নেয়। স্লোগান, করতালি ও ধানের শীষের পক্ষে দৃঢ় অঙ্গীকারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।