
নিজস্ব প্রতিনিধি।।
দেশকে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “যারা বছরের পর বছর ক্ষমতায় ছিল তারা জনগণকে শুধু প্রতারণা করেছে। এবার আর নয় দেশ চাই ইনসাফের, শাসন চাই সৎ মানুষের।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এ জনসভা রূপ নেয় গণজোয়ারে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রওশন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, সাংবাদিক ফোরামের সভাপতি ড. মিজানুর রহমান ও আশাশুনি শোমনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন,
“দেশ আজ চোর, দখলবাজ ও লুটেরাদের হাতে জিম্মি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি শাসন দেখে মানুষ ক্লান্ত। জামায়াতে ইসলামীর এমপি-মন্ত্রীর বিরুদ্ধে একটি টাকাও দুর্নীতির প্রমাণ হয়নি। এবার ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।”
তিনি আরও বলেন, “আমরা মদিনার সনদের আলোকে একটি আদর্শ রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে থাকবে ন্যায়বিচার, মানবিকতা, নিরাপত্তা ও মানুষের অধিকার। ক্ষমতার মোহ নয়, জনগণের কল্যাণই আমাদের রাজনীতি।”
জনসভায় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো মাঠজুড়ে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফতেপুর।

