ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬

শিবপুরে ধানের শীষের জোয়ার, পায়রাডাঙ্গা বাজার কাঁপালেন আব্দুর রউফ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিজয়ের শপথে উত্তাল পথসভা, জনসমুদ্রে রূপ নিল শিবপুর
নিজস্ব প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থনের ঢেউ আছড়ে পড়েছে শিবপুর ইউনিয়নে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
ধানের শীষের বিজয়ের প্রত্যয়ে আয়োজিত এ বিশাল পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজার প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন,
“সাতক্ষীরার আকাশ-বাতাসে এখন শুধু ধানের শীষের জোয়ার। এই জোয়ার দেখে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ভয় দেখিয়ে ভোটার দমাতে চায়। কিন্তু জনগণ আর ভয় পায় না। ইনশাআল্লাহ এবার বিএনপিই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। ক্ষমতায় গেলে সাতক্ষীরাবাসীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আসবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন। তিনি বলেন, শিবপুরের মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।
সভাস্থলজুড়ে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পায়রাডাঙ্গা বাজার। “ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র মুক্ত করুন” এমন স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা।
এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।