ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬

স্টুডেন্ট লোন ও সহজ ব্যাংকঋণের প্রতিশ্রুতি তারেক রহমানের

বার্তা বিভাগ
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ প্রক্রিয়া সহজীকরণ, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট লোন’ চালু এবং দেশব্যাপী বনায়ন ও খাল খননের মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী সরাসরি অংশ নিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা, কর্মসংস্থান, শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত নানা প্রশ্ন করেন।

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের অনেক তরুণ বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হলেও ভিসা ফি ও প্রাথমিক খরচ জোগাড় করতে না পারায় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘স্টুডেন্ট লোন’ চালু করা হবে, যাতে মেধাবীরা অর্থাভাবে পিছিয়ে না পড়ে।

ব্যাংকঋণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ঋণ নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। সব আইন একসঙ্গে পরিবর্তন করা সম্ভব না হলেও সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হবে, যাতে নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং কর্মসংস্থান বাড়ে।

বিগত সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে তারেক রহমান বলেন, কথিত উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ এবং আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ে এক শিক্ষার্থীর উদ্বেগের জবাবে তিনি বলেন, সরকার যদি প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে নারী ও পুরুষ সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা এবং বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।