ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বার্তা বিভাগ
জানুয়ারি ২৪, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। তার নির্বাচনে জয়ী হলে গাইবান্ধা অগ্রাধিকার ভিত্তিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় পাবে।

শনিবার গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে ইপিজেড করা হবে। পাশাপাশি বালাশী ও বাহাদুরাবাদকে সেতুর মাধ্যমে যুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, পাচার হওয়া বা চুরির অর্থ ফেরত আনা ও নতুন চুরি রোধ করা গেলে দেশের উন্নয়ন দ্রুতগতিতে হবে।

জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের জীবন ও জীবিকা মূলত নদীকেন্দ্রিক। কিন্তু গত ৫৪ বছরের সরকারের অবহেলায় তিস্তা, ধরলা, করতোয়া ও ব্রহ্মপুত্রের মতো নদীগুলো আজ মৃতপ্রায় কঙ্কালে পরিণত হয়েছে। নদীগুলো বন্ধ হওয়ার ফলে উত্তরবঙ্গের মাটি মৃতপ্রায় এবং মানুষের জীবিকায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা ও নদীগুলো পুনর্জীবিত করা হবে, যাতে উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা যায়।

ডা. শফিকুর রহমান দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন (বর্তমানে ৩১টি জেলায় নেই)। এছাড়া সরকারি-বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে মানুষের সময় ও অর্থের অপচয় কমানো যায়।

এই জনসভায় গাইবান্ধা জেলার ৫টি আসনের প্রার্থীদের প্রতীকও তুলে দেন জামায়াতের আমির।