ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা

বার্তা বিভাগ
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের সোনার দাম বেড়ে ভরিতে ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বাজুস বলছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৬২০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা দরে। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারিত থাকবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ডলারের ওঠানামার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছে। এর প্রভাব আগামী দিনগুলোতে দেশের বাজারে আরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।