
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান, দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মৃতিসৌধ পরিদর্শনের পর তিনি সচিবালয়ে পৌঁছে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় নিজ কার্যালয়ে প্রবেশ করবেন। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

নতুন সরকারের প্রথম কার্যদিবসে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তারেক রহমানের প্রথম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা কড়া রাখা হয়েছে; পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ভোর থেকেই সচিবালয় এলাকায় প্রহরায় নিয়োজিত। প্রতিটি প্রবেশপথে আগতদের কড়া তল্লাশির মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
আজকের কর্মদিবসের মাধ্যমে নবনিযুক্ত উপদেষ্টারা ক্রমান্বয়ে দায়িত্ব গ্রহণ শুরু করেছেন। প্রথম কর্মদিবসকে কেন্দ্র করে সচিবালয় ও প্রশাসনের পুরো পরিবেশে নতুন কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
