ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে নতুন যাত্রা শুরু তারেক রহমানের

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এই শপথ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ দেশি-বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এবার ঐতিহ্যবাহী বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজন করা হয়, যা ছিল সাম্প্রতিক সময়ের একটি ব্যতিক্রমী আয়োজন।

এর আগে মঙ্গলবার সকালে একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নবগঠিত সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথ সুগম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জন্য।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস জয় লাভ করে। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

এদিকে আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে এবং একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন সরকার গঠনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও নীতিনির্ধারণী কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।