ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় সুন্দরবন রক্ষায় তরুণদের আহ্বান, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

‘নীরব বন, নীরব আমরা নয়’—এই স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার উদ্যোগে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত মানববন্ধন ও পদযাত্রায় শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সুন্দরবনে জলদস্যু কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।”

সংগঠনের সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। নতুন প্রজন্মের পক্ষ থেকে দ্রুত এ দিবসের স্বীকৃতি এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং কঠোর সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন শেষে একটি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সাতক্ষীরার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষা মানেই দেশের পরিবেশ, উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।