ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

আগরদাঁড়ীতে নারী শক্তির জোয়ার, দাঁড়িপাল্লার পক্ষে রাজপথ কাঁপাল মহিলা জামায়াত

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :

আগামী ১২ তারিখের ভোটকে সামনে রেখে আগরদাঁড়ীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী শক্তির বিস্ফোরণ ঘটেছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাজারো মহিলা জামায়াত কর্মী একসাথে রাজপথে নেমে আগরদাঁড়ী ইউনিয়নকে পরিণত করেছে জনসমুদ্রে। সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের বিজয় নিশ্চিত করতে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় নজিরবিহীন নারী নির্বাচনী মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আগরদাঁড়ী ইউনিয়ন মহিলা জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে মিছিলটি বাঁশঘাটা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে বাঁশঘাটা উত্তরপাড়া, হিন্দুপাড়া, দক্ষিণপাড়া, রামনগর, বেতলা ও শ্রীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঁশঘাটা উত্তরপাড়া ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।

ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য মাওলানা আফজাল হোসেন জিহাদীর সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মান্নাফের পরিচালনায় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন। তিনি নিজেই সামনে থেকে মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলে হাজারো নারী কর্মীর বজ্রকণ্ঠ স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আফজাল হোসেন জিহাদী বলেন,

“প্রতিপক্ষের অপকর্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসের জবাব জনগণ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ। আমাদের নারীদের ওপর যত নির্যাতনই হোক, নারী সমাজও ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দেবে।”

তিনি আরও বলেন, নারী সমাজ আজ আর ঘরে বসে নেই। তারা অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে। দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়েই আগরদাঁড়ীতে ন্যায় ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা মো. আনিছুর রহমান, মো. লোকমান হোসেন, হাফেজ আবুল হাসানসহ স্থানীয় নেত্রীবৃন্দ, সাধারণ নারী ভোটার ও হাজারো মহিলা জামায়াত কর্মী।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।