
স্টাফ রিপোর্টার, বরগুনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় বরগুনা সফর করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। সেখানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বরগুনার দুইটি আসন ও ছয়টি উপজেলাসহ উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে।
সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়।
আইএসপিআর ও নৌবাহিনী সূত্রে জানা যায়, সফরকালে নৌবাহিনী প্রধান বরগুনায় দায়িত্বরত নৌ কন্টিনজেন্ট ও ইউনিটসমূহ পরিদর্শন করেন। তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, উপকূলীয় সুরক্ষা ও দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনের আগে ও পরে দুই-তিন দিন নৌবাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ও চাপ ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে। ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ টিম প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, নির্বাচন কর্মকর্তা, ওসি, ডিএফআই, এনএসআই, র্যাব, কোস্টগার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সফরসূচি অনুযায়ী নৌ কন্টিনজেন্ট পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত নির্বাচন নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান।
