
নিজস্ব প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে সৃষ্টি হয়েছে দুর্বার গণজোয়ার। আগরদাঁড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়। এই জনসভায় ঘটে বড় রাজনৈতিক চমক শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নূর মোহাম্মদ প্রকাশ্যে ধানের শীষে যোগ দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন,
“ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতাবিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ষড়যন্ত্র করে, ব্যানার ছিঁড়ে এই জোয়ার থামাতে চায়। কিন্তু ধানের শীষের জোয়ার থামানো যাবে না। আল্লাহর রহমতে আমাদের ভোট দিন দিন আরও বাড়ছে।”
তিনি আরও বলেন,
“আগরদাঁড়ী এখন ধানের শীষের ঘাঁটি। আজকের এই জনস্রোতই প্রমাণ করে সাতক্ষীরা-২ আসনে ভোট বিপ্লব শুরু হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই স্বাধীনতাবিরোধীদের লাল কার্ড দেখাবে জনগণ।”
নির্বাচনী জনসভায় জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নূর মোহাম্মদ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। তার এই যোগদান মুহূর্তেই ময়দান উত্তাল করে তোলে। নেতারা বলেন, ধানের শীষের গণজোয়ারে প্রতিদিনই স্বাধীনতাবিরোধী শিবিরে ভাঙন ধরছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, লুৎফর রহমান, কৃষকদল নেতা আহছানুল কাদির স্বপন, যুবদল নেতা এইচ আর মুকুল, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, শেখ শরিফুজ্জামান সজীবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে আগরদাঁড়ী ফুটবল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। চারদিকজুড়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয় এলাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

