ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬

বেহেস্তের প্রলোভন দেখিয়েও ধানের শীষের গণজোয়ার ঠেকানো যাবে না।। আব্দুর রউফ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের অপ্রতিরোধ্য গণজোয়ার এখন আর কোনো ষড়যন্ত্র, ভয়-ভীতি কিংবা বেহেস্তের প্রলোভন দেখিয়েও থামানো যাবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার নারী-পুরুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আব্দুর রউফ বলেন, “আজ পারুলিয়ার এই জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। বেহেস্তের প্রলোভন, ভয়ভীতি কিংবা ষড়যন্ত্র করে এই গণজোয়ার ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। শিবিরের ছেলেরা আমার ব্যানার ছিঁড়ছে, কিন্তু মনে রাখবেন ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না।”
তিনি আরও বলেন, “আমি জনগণের নেতা। আপনাদের সন্তান হয়ে পাশে থাকতে চাই। আমি সন্তানহারা পিতা মানুষের কল্যাণে জীবনের বাকি সময় উৎসর্গ করতে চাই। আপনারা আমাকে সাত দিন সময় দিন, আমি আপনাদের আজীবন সময় দেব।”
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আব্দুর রউফ বলেন,
“এই অবহেলিত জনপদের মানুষের জন্য রাস্তা-ঘাট, বিশ্ববিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিল চালু করাসহ সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবো। বিএনপি জনগণের দল। তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মোখলেছুর রহমান মুকুল, হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
জনসভায় পারুলিয়ার ১৭ জন যুবক বিএনপিতে যোগদান করেন। এ সময় প্রার্থী আব্দুর রউফ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
বিকাল ৩টার আগেই ধানের শীষ আঁকা গেঞ্জি, ব্যানার, ফেস্টুন ও তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট পরে হাজার হাজার মানুষ জনসভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পারুলিয়া বাসস্ট্যান্ড। জনতার মাঝ দিয়ে প্রবেশের সময় আব্দুর রউফকে ঘিরে সৃষ্টি হয় নজিরবিহীন গণউচ্ছ্বাস।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।