
নিজস্ব প্রতিবেদক।। চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ, ভাগবাটোয়ারা ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে সাতক্ষীরায় বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, “দেশের জন্য রক্ত দেব, জীবন দেব কিন্তু কোনো চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজের কাছে মাথা নত করব না।” বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮টায় শহরের আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে।
তিনি বলেন, “দেশ পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে কি চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ আর ভাগবাটোয়ারা চলতে পারে? যারা এই অপকর্ম চালায় তারা দেশ ও জনগণের শত্রু।”
আরও কঠোর ভাষায় তিনি বলেন, “বাংলাদেশ আর লুটেরাদের অভয়ারণ্য হবে না। রাজনীতি মানে চাঁদা তোলা নয়, মামলা বাণিজ্য নয়, জনগণের রক্ত চুষে খাওয়া নয়। রাজনীতি মানে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া।”
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমরা ন্যায়বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই। মানবিক ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ভয় পাবেন না। চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। জনগণের শক্তিই আমাদের আসল শক্তি।”
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক শহিদুর রহমান ও মাওলানা আব্দুস সবুর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
