ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় কে–৯ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা বলয়

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভোটের মাঠে বিজিবির শক্ত পাহারা: সাতক্ষীরায় কে–৯ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা বলয়, নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ ঘিরে সাতক্ষীরাকে ঘিরে গড়ে তোলা হয়েছে দুর্ভেদ্য নিরাপত্তা বলয়। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা রুখে দিতে মাঠে নেমেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। কে–৯ ডগ স্কোয়াড, যৌথ তল্লাশি, মাইকিং ও টহলের মাধ্যমে জেলার সর্বত্র চলছে বিজিবির আক্রমণাত্মক নজরদারি।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা এবং ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে শহর, গ্রাম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি অভিযান।
নির্বাচনী আচরণবিধি মানা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ এবং ভয়ভীতিমুক্ত পরিবেশ তৈরিতে বিভিন্ন স্থানে মাইকিং ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করছে বিজিবি। সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চলছে যৌথ অভিযান।
বিশেষ করে নাশকতা, সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলা রুখতে কে–৯ ডগ স্কোয়াডসহ কার্যকর আধিপত্য বিস্তার করেছে বাহিনীটি। যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন,
“ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনের দিন ঘিরে সাতক্ষীরায় বিজিবির এই সর্বোচ্চ সতর্কতায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ তৈরি হয়েছে।