
সাতক্ষীরা প্রতিনিধি:
নির্বাচনী মাঠে নতুন গতি এনে কদমতলা বাজারে জনসমুদ্রে রূপ নিল দাঁড়িপাল্লার পথসভা। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কদমতলা কাঁচা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিপুল মানুষের ঢল নামে। কর্মী–সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ড. আজিজ হাসান আল ফুয়াদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বক্তব্যে তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, উন্নয়ন নিশ্চিত ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এখনই সময় সৎ নেতৃত্ব বেছে নেওয়ার। দল-মত ভুলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিন।”
তিনি আরও বলেন, “আপনারা অতীতে জামায়াতকে দুইটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সার্চলাইট দিয়েও সেখানে দুর্নীতির ছোঁয়া পাওয়া যায়নি। সংসদে যেতে পারলে সাতক্ষীরাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়নের মডেল জেলায় রূপ দেব ইনশাআল্লাহ।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াত আমির মাওলানা মোশাররফ হোসেন, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, “আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণরায়। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
পথসভা শেষে পুরো বাজারজুড়ে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

