
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সমাজ বহুধর্মের মানুষের সমন্বয়ে গঠিত। এখানে হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। রাজনীতিতে ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব তৈরি হয়, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য সঠিক নয়। তাই রাজনীতিতে ধর্মের ব্যবহার থেকে সবাইকে বিরত থাকা উচিত।
রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা ও পুলিশি হয়রানির মধ্যে দিন কাটিয়েছে। তিনি দাবি করেন, বিএনপির এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। সারা দেশে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁও জেলাতেই সাড়ে সাত হাজার মামলা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব মামলা মোকাবিলা করতে গিয়ে নেতাকর্মীদের অনেক কষ্ট হয়েছে, বিপুল অর্থ ব্যয় হয়েছে। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এসব মামলা প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ যে রাজনৈতিক আচরণ করেছে, বিএনপি ক্ষমতায় এলে দলের কেউ সেই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করবে না।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, ডাল ও আটা পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতালে গেলে নাগরিকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে। সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে পরিবারগুলোকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।
কৃষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড চালু করা হবে এবং সারের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। জনগণের ভোট ও সমর্থন পেলে বিএনপি একটি মানবিক ও ন্যায্য রাষ্ট্র গঠনে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
