
ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত জোট থেকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি অভিযোগ করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত স্বার্থে শহীদ ওসমান হাদিকে ‘বিক্রি’ করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের এসব অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বর্তমান বক্তব্য ও কর্মকাণ্ড স্রেফ নোংরামি এবং পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর অপচেষ্টা। তার ভাষায়, ৫ আগস্টের পর আবার এমন রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, তা তিনি কিংবা দেশের মানুষ কেউই চায় না।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা এই নেতা আন্দোলনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নাসীরুদ্দীন নিজেকে আন্দোলনের বড় সংগঠক হিসেবে তুলে ধরলেও বাস্তবে তাদের চোখে সে রকম কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি।

আব্দুল কাদের জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলামোটরের বিয়াম মিলনায়তনে আসিফ, নাহিদ ও মাহফুজের সঙ্গে প্রথম বৈঠকেই এই বিষয়টি তোলা হয়েছিল। ওই বৈঠকে আন্দোলনের ১৯ জুলাই থেকে সক্রিয় জুনিয়র লেয়ারের সদস্যরা প্রশ্ন করেন, কীভাবে নাসীরুদ্দীন পাটওয়ারী লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এবং তার অতীত রাজনৈতিক ইতিহাস বিবেচনায় তিনি কতটা বিশ্বাসযোগ্য।
এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছিলেন, আন্দোলনের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী একদিন তাকে আশ্রয় দিয়েছিলেন এবং ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন সহযোগিতা করেছিলেন। তবে আব্দুল কাদেরের দাবি, এতটুকু অবদান এবং তার অতীত বিবেচনায় এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত ছিল কি না, তা নিয়েই আপত্তি জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে দল না ভাঙার অঙ্গীকার করলেও এখন তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি গভীর আফসোস প্রকাশ করেন।
