ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

মাদুরো অপহরণের আগে ডেলসি-হোর্হে রদ্রিগেজের গোপন সহযোগিতা!

বার্তা বিভাগ
জানুয়ারি ২৩, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের সামরিক অভিযানের আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরিকল্পনায় গোপনভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজ এবং তার ভাই হোর্হে রদ্রিগেজ। খবর দিয়েছে দ্য গার্ডিয়ান, যারা চারটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

সূত্রগুলোর বরাত অনুযায়ী, মাদুরোর পদত্যাগের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। এই বার্তাটি গোপনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন তারা। ডেলসি রদ্রিগেজ গত ৫ জানুয়ারি মাদুরোর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

রয়টার্স জানায়, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোও মাদুরো অপসারণের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন। তিনি দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে ছিলেন।

গার্ডিয়ানের অনুসন্ধানে জানা গেছে, ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগ শুরু হয় ২০২৪ সালের শেষের দিকে। নভেম্বরের শেষ দিকে ট্রাম্প ও মাদুরোর মধ্যে ফোনালাপের পরও এই যোগাযোগ অব্যাহত থাকে। ডিসেম্বরে আলোচনায় ডেলসি স্পষ্টভাবে বলেন, ‘মাদুরোর যাওয়া দরকার’, এবং যুক্তরাষ্ট্রকে জানান, ‘পরবর্তী পরিস্থিতিতে আমি কাজ করতে প্রস্তুত।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রথমে শাসকগোষ্ঠীর ভেতরের লোকজনের সঙ্গে কাজ করার বিষয়ে সন্দিহান ছিলেন। পরে তারা মনে করেন, মাদুরোর পতনের পর বিশৃঙ্খলা ঠেকাতে ডেলসির প্রস্তাবই সবচেয়ে বাস্তবসম্মত পথ।

এরপর ৩ জানুয়ারি পরিচালিত ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’-এ ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে অন্তত ৮০ জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে ৩০ জনের বেশি কিউবার সামরিক সদস্য ছিলেন।

৫ জানুয়ারি নিউইয়র্কের আদালতে অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে তোলা হয় মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে। তবে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন এবং আদালতে বলেন, যুক্তরাষ্ট্র তার কারাকাসের বাড়ি থেকে তাকে অপহরণ করেছে।

সংঘর্ষ ও অপহরণের এই ঘটনাগুলো ভেনেজুয়েলার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।