
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি মূল বক্তব্য। প্রথম, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। দ্বিতীয়, ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের নির্বাচনের প্রধান এজেন্ডা।”

তিনি আরও বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছি। সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন। ১০ দলীয় জোটই বাংলাদেশে সংস্কারের অগ্রযাত্রা চালাতে সক্ষম।”
এসময় নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।
